বিনোদন ডেস্ক
১৯ মে ২০২২, ০২:১১ পিএম
কয়েকদিন আগে ঋতুপর্ণাকে মিষ্টির সঙ্গে তুলনা করেছিলেন কলকাতার সিনেমার কৌতুক অভিনেতা খারাজ মুখোপধ্যায়। তাকে প্রথমে অমৃতি এবং পরে জিলাপি বলেন তিনি। এতে নাখোশ হন ঋতুপর্ণার অনুরাগীরা। প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন তারা। রীতিমতো ধুয়ে দেন খারাজকে।
তবে অনুরাগীরা সরব হলেও তখন চুপ ছিলেন ঋতুপর্ণা। এবার সে বিষয়ে মুখ খুললেন তিনি। নিলেন খারাজের পক্ষ। এই অভিনেত্রীর মতে, আজকাল মানুষ স্বাভাবিক কথা কিংবা স্বাভাবিক আলোচনা করতে ভুলে গেছেন। সবকিছুই বাজেভাবে নেওয়ার ও বাজে মন্তব্য করার স্বভাব হয়ে যাচ্ছে সবার। এটা খুবই দুঃখজনক।

এ সময় খারাজের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে এই লাস্যময়ী জানান, খারাজ ও তার মধ্যে খুব ভালো সম্পর্ক। তিনি তাকে বড় দাদার চোখে দেখেন। ডাকেনও দাদা বলে। খারাজ তাকে ডাকেন ডার্লিং বলে।
ঋতুপর্ণা আরও জানান, খারাজের মন্তব্যে কিছু মনে করেননি তিনি। মজার ছলে তিনি এমন কথা বলতেই পারেন। এ নিয়ে এত শোরগোলের কিছু নেই।
এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন বেলাশুরু সিনেমার প্রচারণায়। এখানে ঋতুপর্ণার সঙ্গে খারাজও অভিনয় করেছেন। বিতর্কের শুরু এই সিনেমা থেকেই। এক সাক্ষাৎকারে খরাজকে সিনেমাটির তারকাদের মিষ্টির সঙ্গে তুলনা করতে বলা হয়। সেসময় এই অভিনেতা ঋতুপর্ণাকে জিলাপি ও অমৃতি বলেন।

অমৃতিতে কোনো আপত্তি না থেকলেও জিলাপিতে ক্ষেপে যান ঋতুপর্ণার অনুরাগীরা। তারা ধরে নেন, নিশ্চয় প্রিয় তারকাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে প্যাঁচানো মিষ্টির সঙ্গে তুলনা করেছেন খারাজ।
ঋতু অনুরাগীদের এমন মনোভাব বুঝতে পেরেই খারাজ তার মন্তব্যের ব্যাখা দেন। তিনি জানান, মজার ছলে ঋতুপর্ণাকে জিলাপি বলেছেন তিনি। মাফও চান শেষমেশ। কিন্তু তাতেও নেটাগরিকদের ক্ষোভ সহ্য করতে হয় তাকে। তাই বিষয়টি সুরাহা করতে এগিয়ে আসতে হলো ঋতুপর্ণাকেই।
আরআর/আরএসও