Dhaka Mail Logo

বিনোদন

ইকবালের ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি: রোশান 

বিনোদন ডেস্ক

২৩ জুন ২০২৪, ০১:৪৪ পিএম

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। দর্শক টানতে ব্যর্থ হওয়ায় চার দিনের মাথায় ছবিটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। এর দায়ভার জিয়াউল রোশান ও শবনম বুব্লীর ওপর চাপাচ্ছেন পরিচালক মো. ইকবাল। 

ইকবাল মনে করছেন রোশান ও বুবলীর কারণেই সিনেমাটি ফ্লপ গেছে। সেকারণে তার নির্মিতব্য ‘বিট্রে’ ছবিটি থেকে বাদ দিয়েছেন এ জুটিকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রোশান। জানিয়েছেন ইকবালের ছবির প্রতি তারও আগ্রহ নেই।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এ নায়ক বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। ইকবাল ভাই এই সিদ্ধান্ত নিলে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমিও তাঁর ছবি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি।’

এর আগে রোশান-বুবলীকে বাদ দেওয়া প্রসঙ্গে ইকবাল বলেছিলেন, ‘একজন নির্মাতা অনেক কষ্ট করে ছবি তৈরি করেন। প্রযোজক যে টাকাটা লগ্নি করেন সেটাও অনেক কষ্টে উপার্জন করা। তাই ভেবেচিন্তে খরচ করতে হবে। আমি রোশান ও বুবলীকে নিয়ে যে বাজি ধরেছিলাম, সে বাজিতে হেরেছি। এখন আর ভুল করতে চাই না। ৪০ শতাংশ শুটিং হয়েছে মানে বাজেটের ৪০ শতাংশ খরচ হয়ে গেছে। এখনো ৬০ শতাংশ আছে। আমি চাই, এই ৬০ শতাংশ টাকা যেন অপচয় না হয়। তাই নতুন কোনো জুটিকে নিয়ে ছবিটি করতে চাই।’

ইকবালের দেওয়া তথ্যমতে ‘বিট্রে ছবিটির ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাজেটের অর্ধেকও ফুরিয়ে গেছে। তারপরও বুবলী-রোশানের বিষয়ে আপোষ করতে চান না তিনি। নিজের ক্ষতি হ৯অলেও তাদের বাদ দিয়ে ছবিটি শুরু করতে চান।