বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৪, ১২:৪০ পিএম
বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি হয়েছে। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটেছে চুরির ঘটনা। অফিসের দরজা ভেঙে সিন্দুক নিয়ে গেছে দুস্কৃতীকারীরা। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন অনুপম।
সঙ্গে লিখেছেন, গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দু’জন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি তুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের কোম্পানির দ্বারা নির্মিত একটা ছবির নেগেটিভও নিয়ে গেছে যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ জানিয়েছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে। সৃষ্টিকর্তা ওদের সুবুদ্ধি দিন। এরকম যেন ভবিষ্যতে কারও সঙ্গে না করে।”
এদিকে এ খবর পেতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। প্রিয় অভিনেতার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তারা। সেইসঙ্গে অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
চার দশক ধরে বলিউডে সুনামের সঙ্গে অভিনয় করছেন অনুপম খের। চরিত্রাভিনেতা হিসেবে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন বি-টাউনে। তবে আজকের এই অবস্থানে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। এক সময় ট্রেনের প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে তাকে।