images

বিনোদন

সিনেমা বানাবেন অমি, চাইলেন আর একটু সুযোগ

বিনোদন ডেস্ক

০৫ মে ২০২৪, ০৩:৪৫ পিএম

নির্মাতা কাজল আরেফিন অমির যে কাজগুলোর জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকেন দর্শক সেগুলোর একটি ‘ফিমেল’। এ ফ্র্যাঞ্চাইজির তিনটি নাটক পেয়েছে তুমুল জনপ্রিয়তা। দর্শক অপেক্ষায় ‘ফিমেল ৪’ -এর জন্য। অমিও জানিয়েছেন ব্যাটারির গলিতে এবার বড়সড় গ্যাঞ্জাম হবে। সে গ্যাঞ্জাম দেখা যাবে কোরবানি ঈদে।

তবে অপেক্ষার প্রহর যেন কাটছে না অমি অনুরাগীদের। তা প্রকাশ পাচ্ছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা ‘ফিমেল ৪’-এর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলছেন। অমি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু পোস্ট করলে সেখানেও হুড়মুড়িয়ে পড়ছেন সবাই। এবার অনুসারীদের উদ্দেশে একটি পোস্ট দিলেন অমি।

আজ রোববার নিজের ফেসবুকে অমি লিখেছেন, আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ শুরু করি। সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে ২০১০ সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু।

এরপর অমি লেখেন, ২০১৪ সালে প্রথম নিজে ডিরেকশন দেই। ২০১৬ সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি। তারপর ২০১৮/১৯ হতে নিয়মিত হই ইউটিউবে। ২০২২/২৩ হতে ওটিটিতে  কাজ শুরু করি। এখন ওটিটিতে নিয়মিত বলতে পারেন।

তিনি আরও লিখেছেন, আমি চাই সিনেমা বানাতে, সেটার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি। এখন আমার কাজ ওটিটিতে টাকা দিয়ে দেখতে হয়। নতুন প্ল্যাটফর্ম, নতুন নিয়ম। আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরও বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে। 

অমির কথায়, যে কাজটি আপনার ভালো লাগবে সেটি চিৎকার দিয়ে জানান। তাতে ওই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপ্রাণিত হবে। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, চিৎকার করবেন। আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন, সাহস দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সব সময় যেমনটা থাকেন। "ফিমেল ৪" আসছে বঙ্গ ওটিটিতে। “হোটেল রিল্যাক্স”, “দুঃখিত”, “অসময়”-এর চেয়ে ব্যাপক সাড়া প্রত্যাশা করছি আপনাদের কাছে। 

সবশেষে এ নির্মাতা লিখেছেন, আমার বিশ্বাস বরাবরের মতোই আপনারা পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা দিয়ে ওটিটিতে আরও একটি নতুন রেকর্ড গড়তে চাই। মনে রাখবেন, আমার প্রতিটি পোস্ট এর নিচে সর্বোচ্চ কমেন্টস থাকে যা নিয়ে সেটি অবশ্যই আমার চোখে পড়ে এবং আমি আরও নিখুঁতভাবে তৈরি হচ্ছি।

নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দিয়েছেন তিনি। অন্যান্য নির্মাণের ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছেন। তার নির্মিত সবশেষ নাটক ‘শেষমেশ’। এটিও লুফে নিয়েছেন দর্শক।