বিনোদন ডেস্ক
১৪ মে ২০২২, ১২:৫৫ পিএম
কান চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১৭ মে বসতে যাচ্ছে আন্তর্জাতিক এই উৎসবের ৭৫ তম আসর।
এই উৎসবেই প্রকাশ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকারের ট্রেলার। খবরটি জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এর আগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে (১৭ মার্চ) সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সে পোস্টারটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। চলচ্চিত্রটিতে ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে রূপদান করেছেন নুসরাত ইমরোজ তিশা। নুসরাত ফারিয়াকে দেখা যাবে শেখ হাসিনার চরিত্রে। অভিনেতা রিয়াজকে মুজিব, একটি জাতির রূপকার সিনেমাটিতে দেখা যাবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী তাজউদ্দীন আহমেদের চরিত্রে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে সিনেমাটি।
আরআর