Dhaka Mail Logo

বিনোদন

অনুরাগ কাশ্যপের রেট মিনিটে লাখ টাকা

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম

পরিচালক হিসেবে নাম রয়েছে অনুরাগ কাশ্যপের। এলোমেলো কথাবার্তার জন্য আছে বদনামও। মাঝে মাঝেই এটা সেটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। এবার সে পথে না হাঁটলেও যা বললেন তা অবাক হবার মতো। নতুনদের সঙ্গে দেখা করতে অর্থ দাবি করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে অনুরাগ লিখেছেন, ‘নতুনদের সাহায্য করে, অনেক সময় নষ্ট করেছি। কারণ তারা শেষমেশ বড্ড মাঝারি মাপের বেরিয়েছেন। তাই এখন থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না। যারা নিজেদের অসম্ভব সৃজনশীল ভাবেন এবং আমার সঙ্গে দেখা করতে চান, তাদের জন্য ১০ থেকে ১৫ মিনিট দেখা করতে আমি ১ লাখ টাকা নেব। আধঘণ্টার জন্য ২ লাখ। ১ ঘণ্টার জন্য ৫ লাখ। এটাই হলো আমার রেট।’

শেষে পরিচালকের সংযোজন, ‘যদি আপনাদের মনে হয়, এই অর্থ আপনারা দিতে পারবেন, তা হলেই ফোন করবেন। না হলে দূরে থাকুন। আর হ্যাঁ, সব টাকাটাই অগ্রিম দিতে হবে।’’ তবে হঠাৎ কী কারণে এমন ফোঁস করলেন অনুরাগ, তা খোলসা করেননি।’

এর আগে বাংলা সিনেমা নিয়েও অযাচিত মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, ‘বাংলা সিনেমা কীভাবে চলবে, একেবারে জঘন্য। অনুরাগ আরও বলেন, একটা সময় ছিল যখন বাংলা সিনেমা এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ছবিরও মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নিচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে।’এ নিয়ে বেশ তোলপাড় হয়েছিল সে সময়।