Dhaka Mail Logo

বিনোদন

আইসিইউ থেকে ফেরা হলো না চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালকের

বিনোদন ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হারুনর রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা।

গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে ব্রেইন স্ট্রোক করলে হারুনর রশিদকে জরুরি ভিত্তিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউ’তে রাখা হয়। সেখানে পঁচিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই নির্মাতা।

‘মেঘের অনেক রং’ ছবিটির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হারুনর রশিদ। ১৯৭৬ সালে মুক্তি পায় এ ছবি। মুক্তিযুদ্ধকালীন পাকবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদের গল্পে নির্মিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

আরও পড়ুন: আইসিইউতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক

‘মেঘের অনেক রং’ ছাড়াও হারুনর রশিদ পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘রূপবান’ ও ‘গুনাই বিবি’। 

সম্প্রতি এ পরিচালক তার ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কিছু দুর্লভ জিনিস বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেন তিনি। এর মধ্যে রয়েছে প্রায় ৮০টি দুর্লভ বিভিন্ন লেখকের বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিভ্যালের ১৭৪টি দুর্লভ স্থিরচিত্র।

এছাড়া রয়েছে ‘মেঘের অনেক রং’-এর ডিভি ক্যাম কপি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাহন, গৌরব, প্যাকেজ নাটক উত্তারাধিকারের ডিজিটাল কপি, তাঁর ব্যবহৃত ১ সেট কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা।