Dhaka Mail Logo

বিনোদন

‘দাদাগিরি’তে মোহসীন-উল হাকিম

বিনোদন প্রতিবেদক

০২ মে ২০২২, ০৪:৪৫ পিএম

বাংলা ভাষার দর্শকের কাছে ‘দাদাগিরি’ অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল জি-বাংলায়।

বাংলাদেশে ‘দাদাগিরি’র জনপ্রিয়তা আকাশছোঁয়া। রাত ১০টা বাজলেই এখানকার দর্শক বসে পড়েন টেলিভিশনের সামনে। যদিও কখনও অনুষ্ঠানটিতে এ দেশের কাউকে অংশ নিতে দেখা যায়নি। তবে এবার এতে অংশ নিয়েছেন সাংবাদিক মোহসীন-উল হাকিম।

এ বিষয়ে মোহসীন-উল হাকিম বলেন, “ভারতীয় টেলিভিশনের অনুষ্ঠান হলেও বাংলাদেশসহ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় ‘দাদাগিরি’। সম্মানসূচক এ আমন্ত্রণে সাড়া দিয়েছি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিকদের, গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেছি। অনুষ্ঠানে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে দস্যুমুক্ত সুন্দরবনের পথের নানা গল্প।”

জি-বাংলার সিনিয়র রিসার্চার অনির্বাণ কর বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা মোহসীন-উল হাকিমের অবদান সম্পর্কে জেনেছি। একজন সাংবাদিক কীভাবে দেশ ও মানুষের জন্য নিবেদিত হতে পারেন— তা জেনেছি। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে, জেলেদের অধিকার আদায়ে তার সাংবাদিকতা ও ব্যক্তিগত উদ্যোগ আমাদের নজর কেড়েছে। এই প্রথম বাংলাদেশি কেউ সরাসরি ‘দাদাগিরি’তে খেললেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

কলকাতার রাজারহাটের ডিআরার স্টুডিওতে শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দাদাগিরির এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ২৪ বৈশাখ (৭ মে) বাংলাদেশ সময় রাত ১০টায়।

আরএসও