বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ০৪:৩৩ পিএম
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে নাটক ‘চমন বাহার’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে দেখা গেছে জোভান ও কেয়া পায়েল মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছেন। জোভানের হাতে পা বাঁধা মুরগি উল্টো করে ঝোলানো রয়েছে। অন্য পোস্টারে মোটরসাইকেলের হ্যান্ডেলেও মুরগি ঝোলানো দেখা গেছে।
তাতেই বেধেছে বিপত্তি। দৃশ্য দুটি নজর এড়ায়নি ‘পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার’ তথা ‘প’ ফাউন্ডেশনের। ফাউন্ডেশন এর আইনজীবী জাকির হোসাইন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নাটকটির নির্মাতা ও প্রযোজকের উদ্দেশ্যে একটি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ আছে, জীবিত মুরগি পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের সাজা হিসেবে ৬ মাসের জেল অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা হতে পারে।
বাংলাদেশের আইনেও এমন কথা উল্লেখ রয়েছে। প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী, কোনো প্রানীকে পা বেঁধে উল্টো করে বহন করা বা আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে ফাউন্ডেশনটির চেয়ারম্যান রফিকুল হক এমিল বলেন, ‘নাটকটির পোস্টারে মুরগি উল্টো করে ঝুলিয়ে রাখতে দেখা গেছে। এটি খুবই অবিবেচক কাজ। হয়ত নির্মাতা ও কলা-কুশলীরা প্রাণী কল্যাণ আইন ২০১৯ সম্পর্কে অবগত নন। সম্ভবত সেজন্যই বিষয়টি নিয়ে তারা অতটা ভাবেননি।’
নোটিশের উত্তর দিতে প্রযোজক ও নির্মাতাকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এরমধ্যে নাটকের দৃশ্যটি পরিবর্তন করতে হবে। এ ধরনের আরও দৃশ্য থাকলে সেগুলোও বদলাতে হবে। অন্যথায় আইনের দ্বারস্থ হবে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ‘চমন বাহারে’র প্রযোজক শাহেদ আলী বলেন, ‘আইনের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। কিন্তু এখনও কোনো নোটিশ আমরা হাতে পাইনি। পেলে অবশ্যই জবাব দেব।’
‘চমন বাহার’ নাটকে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েলসহ আরও অনেকে। এটি নির্মাণ করেছেন জাকারিয়া শৌখিন। এবারের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।
আরআর