রাফিউজ্জামান রাফি
২৭ এপ্রিল ২০২২, ০৪:২০ পিএম
গেল দুই বছর পৃথিবীর বাতাস ছিল বিষযুক্ত। প্রায় দমবন্ধ পরিবেশে দিন কেটেছে সবার। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। স্বস্তির নিশ্বাস ফেলছেন মানুষ। এমনই পরিবেশে দুয়ারে কড়া নাড়ছে ঈদ।
গত চার ঈদ কেউ মন খুলে উদযাপন করতে পারেননি। তাই এবারের ঈদ নিয়ে সবার উদ্দীপনার শেষ নেই। শোবিজ অঙ্গনেও তার প্রভাব পড়েছে। ঢালিউডের অন্যতম নায়িকা ইয়ামিন হক ববি ঈদ নিয়ে বেশ উচ্ছ্বসিত।

ঢাকা মেইলকে ববি বলেন, ‘অনেকদিন পর স্বাভাবিক ঈদ আসছে। সবাই সবার বাড়ি যেতে পারব, সবার সাথে দেখা হবে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাজে সময় থেকে আমাদের নিস্তার দিয়েছেন। এবার ঈদ যেন তার হারানো রূপ ফিরে পেয়েছে।’
ববির বাবা মারা গেছেন তিন বছর। তারপর থেকে প্রতি ঈদে তিনি বাবার শূণ্যতা অনুভব করেছেন। স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। ববি বলেন, ‘ঈদের দিন বাবার সঙ্গেই বেশি সময় কাটত আমার। দেখা যেত অর্ধেক দিন বাবার সঙ্গে কাটিয়ে দিতাম। কিন্তু এখন তো বাবা নেই। বাবাকে অনেক মিস করব। এতিমখানায় বাবার জন্য দোয়া মাহফিলের আয়োজন করব।’

কয়েকবছর পর এবার মায়ের সঙ্গে ঈদ করবেন ববি। মাকে কাছে পেয়ে ঈদটা খুব স্পেশাল মনে হচ্ছে তার। তিনি বলেন, ‘আড়াই বছর পর মা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন। আজ বোন আসছে। দীর্ঘদিন পর ওদের সাথে ঈদ করতে পারব। সেজন্য এবারের ঈদটা আমার জন্য স্পেশাল।’
ছোটবেলার ঈদের কথা মনে পড়ে ববির। সে কথা তুলে এ নায়িকা বলেন, ‘ছোটবেলার ঈদ তো একেবারেই অন্যরকম ছিল। ঘুম থেকে উঠেই নতুন জামাকাপড় পড়তাম। মা-বাবাকে সালাম করতাম, খালামনিদের সালাম করতাম। সবার থেকে ঈদের সালামি নিতাম। ঈদের পোশাক নিয়েও অনেক মজা হতো। কাজিনদের সঙ্গে ঈদের পোশাক না দেখানোর প্রতিযোগিতা চলত।’
সেসময়ের ঈদের সঙ্গে বড়বেলার ঈদের তুলনা করে ববি বলেন, ‘ছোটবেলায় সালামি নিতাম, এখন দিতে হয়। তখন প্রাণ খুলে ছোটাছুটি করতে পারতাম। এখন আর সেটা করা হয় না। আসলে ছোটবেলার ঈদের সঙ্গে বড়বেলার ঈদ মেলানো যায় না।’

এবার ঈদে বড় পর্দায় কোনো সিনেমা মুক্তি পাবে কি না— জানতে চাইলে ববি বলেন, “সম্ভবত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। ওটিটি প্লাটফর্মে একটি কাজ আসছে। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘সুরভি’ শিরোনামের একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছি। নারীকেন্দ্রিক গল্পে এটি নির্মিত হয়েছে। নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এখানে আমার সঙ্গে সুবর্ণা মোস্তফা, ডলি জহুর, শম্পা রেজাসহ আরও অনেকে রয়েছেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।”
সম্প্রতি ববি ‘পাপ’ শিরোনামের একটি ছবির কাজ করেছেন। সৈকত নাসির নির্মিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। এ ছাড়া এখন তার হাতে চার পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘আলপিন’, ‘এবার তোরা মানুষ হ’, ‘পাপ’ উল্লেখযোগ্য।
আরআর/আরএসও