Dhaka Mail Logo

বিনোদন

অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন হিমু, বলছে র‍্যাব 

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর ২০২৩, ১১:৫০ এএম

অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব। এদিন হিমুর প্রেমিক গ্রেফতারকৃত উরফি জিয়াকে র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এক সংবাদ সম্মেলন করে র‍্যাব। পুরো ব্রিফিংটি করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সেখানেই তিনি জানান, অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন হিমু।

খন্দকার আল মঈন বলেন, অভিযুক্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- বিগো অনলাইন জুয়ায় আসক্ত ছিল অভিনেত্রী হিমু। তার জুয়া খেলার জন্য উরফি জিয়া গত চার মাসে অনেক টাকা দিয়েছে । সেই টাকা ও বিয়ে করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার জন্য এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত জিয়া আনুমানিক বিকেল তিনটার দিকে ভিকটিমের (হুমায়রা হিমু) বাসায় যান। বাসার দরজা খুলে দেন মিহির। এ সময় তার সঙ্গে হিমুর বাকবতিণ্ডা হয় এবং অভিনেত্রী আত্মহত্যা করবেন বলে উরফি জিয়াকে হুমকি দেন। কিন্তু জিয়া হিমুর ওই কথা খুব একটা গুরুত্ব দেননি বলে প্রাথমিকভাবে আমাদের জানান। কারণ গত তিন-চার মাসে তিন-চারবার আত্মহত্যা করবেন বলে জিয়াকে জানিয়েছেন। এ কারণে জিয়া বিষয়টি গুরুত্ব দেননি বলে আমাদের বলেছেন।

কমান্ডার খন্দকার আল মইন বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত জিয়া আমাদের বলেছেন, কথা কাটাকাটির এক পর্যায় ভিকটিম অন্য রুম থেকে একটি মই নিয়ে আসেন। তার রুমে সিলিং ফ্যান ছিল না কিন্তু ফ্যান ঝোলানোর লোহা ছিল সেখানে আগে থেকেই আত্মহত্যা করার মতো প্লাস্টিকের রশি বাঁধা ছিল। রশিটির ছবি আগের দিন রাতে সামাজিক মাধ্যমে কথা বলার সময় জিয়াকে পাঠিয়েছিলেন ভিকটিম। সেইসঙ্গে বলেছিলেন, কথা না রাখলে তিনি আত্মহত্যা করবেন।

এরপর এ কর্মকর্তা বলেন, কথা কাটাকাটি বা ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা যায়। কেননা ঘটনাস্থলে কাচের জিনিসপত্র ভাঙা পাওয়া গেছে। গ্রেফতারকৃত উরফি জিয়া আমাদের বলেন,  এ সময় হিমু আবেগী হয়ে যান। তবে ঘটনার দিন মই নিয়ে এলেও জিয়া গুরুত্ব দেয়নি। সে সময় উরফি খাটে বসা ছিলেন। তার দাবি অনুযায়ী এর আগেও বহুবার মই বেয়ে উপরে উঠলেও হিমু নেমে এসেছেন। তিনি ভেবেছিলেন এবারও হিমু নেমে যাবেন। কিন্তু তিনি নামেননি। এ সময় জিয়া দৌড়ে গিয়ে তাকে নামানো চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাশের রুমে থাকা মেকআপম্যান মিহিরকে ডেকে রান্না ঘর থেকে বটি এনে রশি কেটে হিমুকে নামানো হয়।

খন্দকার আল মইন বলেন, উরফি জিয়ার আমাদের জানান, পরে মিহির, জিয়া ও বাড়ির দারোয়ান ভিকটিমকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকেলে নিজ ফ্ল্যাটে  ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হিমুর দেহ।  এরপর উত্তরায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবিতে অরু চরিত্রে দেখা যায় তাকে।