বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াতের জন্মদিন আজ। ৮০ বছরে পা রাখলেন তিনি। কিন্তু বিশেষ এই দিনে মন খারাপ বর্ষীয়ান এ অভিনেতার। সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার কারণ।
এবারের জন্মদিনে দুই মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত পাশে নেই পিতা আবুল হায়াতের। এটিই তার মন খারাপের কারণ উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমার জন্মদিন উদযাপিত হচ্ছে বুড়ো বয়সে [হাসি]। জন্মদিনের আনন্দের সঙ্গে একটু খারাপ লাগাও কাজ করছে। আমার এই বিশেষ দিনে দুই মেয়ে বিপাশা আর নাতাশা পাশে নেই। তারা থাকলে জন্মদিন পরিপূর্ণ হতো। ধন্যবাদ আমার প্রাণের প্রিয় দর্শকের প্রতি। তাদের জন্যই এখনও আমি অভিনয়ের অনুপ্রেরণা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ সময় ছোটবেলার জন্মদিন উদযাপনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘ছোটবেলায় আমার জন্মদিন উদযাপন হয়েছে বলে মনে পড়ে না। রেওয়াজ তখন ছিল না। ওই দিন দোয়া-দরুদ পড়তেন বাবা-মা। আমাদের ভাগনি-ভাগনেদের জন্মদিনগুলো দেখতাম, বেশ ঘটা করে উদযাপন হতো।’
১৯৪৪ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। দেশ ভাগের পর চট্টগ্রাম চলে আসে তার পরিবার। এ অভিনেতা শিক্ষাজীবন সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। ১৯৬৮ সালে ‘ইডিপাস’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে নাম লেখান তিনি।