Dhaka Mail Logo

বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

১৪ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম

বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গেল শুক্রবার (১১ আগস্ট) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তথ্যটি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

তিনি জানান, সাড়ে আট বছর ধরে রেজওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল ফারিণের। খানিকটা তাড়াহুড়া করে আকদ সম্পন্ন হয়। কারণ তার পাত্র বিদেশে চাকরি করেন। তিনি আবার দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

বরকে নিয়ে নিজের ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

রেজওয়ানের সঙ্গে ভালোবাসা পূর্ণতা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ফারিণ। তিনি লিখেছেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

ফারিণের বিয়ের খবর শুনে অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। আরিফিন শুভ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকেই শুভকামনা জানিয়েছেন এ অভিনেত্রীকে। 

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অভিনেতা তাহসানের সঙ্গে গোপণে প্রেম করছেন ফারিণ। তখন এ অভিনেত্রী ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন। অবশেষে শেখ রেজওয়ানকে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন তিনি।