রাফিউজ্জামান রাফি
০৩ আগস্ট ২০২৩, ০৩:৩৬ পিএম
কিছু গানের আবেদন কখনও ফিকে হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম রাজত্ব করে। এরকম একটি গান ‘আল্লাহ নবীজির নাম’। নব্বই দশকে ‘শুধু তোমারই কারণে’ নামে একটি অ্যালবাম প্রকাশ পেয়েছিল। ওই অ্যালবামে ছিল এ গান। গানটির কথা লিখেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকবি আহমেদ রিজভী। কণ্ঠে তুলেছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। দুই দশক পরও সমান জনপ্রিয় এ গান। ভিউয়ের মাপকাঠিতে ইউটিউবেও করছে রাজত্ব।
সম্প্রতি এ গানটির গীতিকবি আহমেদ রিজভী ঢাকা মেইলকে শুনিয়েছেন গানটির পেছনের গল্প। রিজভী বলেন, ‘গানটির পেছনের গল্পটি খুব সাদামাটা। আমি একটি ব্যান্ডের অ্যালবাম করব। অ্যালবামটির নাম রাখলাম বাংলায়। সেসময় হাসানের ছিল ভীষণ জনপ্রিয়তা। প্রেম-বিরহমূলক কথার গানের জোয়ার ছিল। ভাবলাম, তাহলে আমি কী লিখব! তখন একটি প্রচলিত লাইন, আমাদের দেশে ভিক্ষুকদের মুখে শোনা যায়। আমার আল্লাহ নবীজির নাম। শুধু ওই লাইনটি নিলাম। চিন্তা করলাম, সূফী ঘরানার একটি গান তৈরি করব। যেন জনপ্রিয়তা না পেলেও প্রশংসিত হয়। এরপর এতে পিতা-মাতাসহ বিভিন্ন বিষয় যোগ করলাম। মূলত এভাবেই গানটি লেখা।’
তবে শুরুতে গানটি সমাদর পায়নি উল্লেখ করে তিনি বলেন, “অ্যালবামটিতে জেমস ভাইয়ের গান প্রথমে রাখা হয়েছিল। পরে যখন দেখা গেল গানটি জনপ্রিয়তা পেয়েছে তখন ‘আল্লাহ নবীজির নাম’ শুরুতে রাখা হয়।”

খাটি হীরা চিনতে ভুল করতে যাচ্ছিলেন হাসানও। গানটিতে কণ্ঠ দিতে তার অনীহা ছিল বলে জানান আহমেদ রিজভী। তিনি বলেন, ‘গানটির প্রতি তেমন আগ্রহ ছিল না হাসানের। অনীহা ছিল বলা যায়। তার প্রশ্ন ছিল, স্রোতের বিপরীতে এমন গান তার জন্য কেন রাখলাম? আমি বলেছিলাম, এটি এমন একটি গান হিট না হলেও প্রশংসিত হবে। খাটো করে দেখার সুযোগ নেই।’
আহমেদ রিজভী কী জানতেন যে গান তিনি করছেন তা আজও জনপ্রিয়তা ধরে রাখবে— জবাবে এ গীতিকবি বলেন, “আসলে একজন ক্রিয়েটিভ মানুষ যখন একটি কনটেন্ট বানান, তখন তিনি চান কাজটি যেন ভালো হয়। তাহলে একদিন না একদিন এটা নজরে আসবে। হয় জনপ্রিয়তা পাবে নাহয় প্রশংসিত হবে। তা হোক, কবিতা, কলাম বা গান। যেমন আগুনের ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ গানটি একসময় জনপ্রিয় ছিল না। অথচ আজ দেখুন গানটি সবার আমিও এই বিষয়টি মাথায় রখে লিখেছিলাম। তারপরের গল্প তো সবার জানা।”
গানটি দিয়ে ব্যান্ড ও একক গানের শিল্পীদের এক কাতারে দাঁড় করিয়েছিলেন রিজভী । তিনি বলেন, “সেসময় নিয়ম ছিল ব্যান্ড থাকলে কোনো সলো আর্টিস্ট থাকতে পারবে না। আমি এই ধারা ভেঙে দিয়েছি। কেননা ওই অ্যালবাম থেকে আমার দুটি গান জনপ্রিয়তা পায়। একটি ব্যান্ডশিল্পী হাসানের ‘আল্লাহ নবীজির নাম’, অন্যটি সলো আর্টিস্ট কুমার বিশ্বজিতের ‘তুমি যদি বলো পদ্মা মেঘনা একসাথে দেব পাড়ি’ গানটি।”
আহমেদ রিজভীর লেখা জনপ্রিয় এ গানের সুরকার আশিকুর রহমান শান্টু। প্রবাস জীবন বেছে নিয়েছেন তিনি। অন্যদিকে হাসান দেশে আছেন। তবে নতুন গান প্রকাশ করতে দেখা যায় না তাকে।