Dhaka Mail Logo

বিনোদন

ফেরদৌসের মোবাইলে সবচেয়ে বেশি কেন পূর্ণিমার ছবি

বিনোদন ডেস্ক

১১ জুলাই ২০২৩, ০১:০২ পিএম

আপনি জানেন কি— চিত্রনায়ক ফেরদৌসের মোবাইলে কার সঙ্গে তোলা ছবি সবচেয়ে বেশি? নিশ্চয়ই ভাবছেন তার স্ত্রী কিংবা দুই মেয়ের সঙ্গে! এমনটা ভেবে থাকলে, তা ভুল।

ফেরদৌসের ফেসবুক পোস্ট থেকে জানা গেল, তার মোবাইল ফোনে সবচেয়ে বেশি ছবি রয়েছে পূর্ণিমার সঙ্গে। আজ মঙ্গলবার এই নায়িকার জন্মদিনে এই গোপন তথ্য জানালেন তিনি।

পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ফেরদৌস লিখেছেন, ‘আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।’

শেষে পূর্ণিমার প্রতি একটি আহ্বান জানিয়ে ফেরদৌস বলেছেন, ‘এমনই বন্ধু থাকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।’

১৯৮৪ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার আসল নাম দিলারা হানিফ রিতা। ক্লাস নাইনে থাকা অবস্থায় তিনি সিনেমায় নাম লেখান। জাকির হোসেন রাজুর পরিচালনায় তার প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’ মুক্তি পায় ১৯৯৭ সালে। ফেরদৌসের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।