images

বিনোদন

সুনামির আভাস দিয়ে রাখলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

১০ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম

শাহরুখ খান যে বলিউডের সত্যিকারের কিং খান তা ফের প্রমাণ দিলেন তিনি। মুক্তিপ্রতীক্ষিত ‘জওয়ান’ ছবির প্রথম ঝলকে তিনি যা দেখালেন তাতে মুগ্ধ অনুরাগীরা। কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশাহ। 

সদ্য মুক্তি পাওয়া ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর দিকে নজর সকলের। আজ সোমবার ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে,  এ খবর আগেই জানানো হয়েছিল। সেই মতো অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সকাল হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল দুই মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক।  

আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গেছে। কখনও তিনি রয়েছেন সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশাহ ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য তার ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’।  ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া মাথার লুকে চমকে দেন তিনি। 

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের নায়িকা দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।