বিনোদন ডেস্ক
২০ জুন ২০২৩, ০৭:৫৫ পিএম
সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’কে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এরইমধ্যে ছবিটি নিষিদ্ধের দাবি তুলে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। এবার ছবিটির রাবণ চরিত্রে রূপদানকারী সাইফ আলী খানকে এক হাত নিলেন ‘শক্তিমান’খ্যাত অভিনেতা মুকেশ খান্না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মুকেশ। সেখানে বলেন, ‘রাবণ ভয়ানক দেখতে হতেই পারে, কিন্তু চন্দ্রকান্তের শিবদত্ত-বিষপুরুষের মতো দেখতে কেমন করে হয়? আমার মনে আছে যখন ছবিটি ঘোষণা করা হয়েছিল, সাইফ বলেছিলেন যে তিনি চরিত্রটিকে হাস্যকর করে তুলবেন। আমি তখনও বলেছিলাম, আপনি কে আমাদের মহাকাব্য, আমাদের ধর্মকে পরিবর্তন করার। মাথা তো কেটে দেবে।’
মুকেশ আরও বলেন, ‘ওম রাউত রাবণের জন্য আর কাউকে পেলেন না? দেখে তো রাবণের মতো কম, চোরা শিকারিদের মতো বেশি লাগছে।’
এ অভিনেতা বলেন, ‘রাবণের সোনার লঙ্কা ছবিতে দেখে কালো লঙ্কা লাগছে। যুদ্ধের দৃশ্যগুলো মোটেও তখনকার যুগের মতো লাগছে না। আজকের গলিতে হওয়া ঝামেলার মতো। নোংরা ভাষায় ভরা।’তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সাইফ।
‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। বিগ বাজেটে নির্মিত এ ছবি অনেকদিন ধরেই আলোচনায় ছিল। সমালোচনাও কম হয়নি। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল কৃতী স্যানন। এছাড়া রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। মুক্তির পরও তাকে ছাড়লেন না।