বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম
বলিউডের ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্তের ব্যক্তি জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বিভিন্ন সময়ে তাকে কারাভোগ করতে হয়েছে। কারাগারের সময়টা জনপ্রিয় এই অভিনেতা কীভাবে কাটিয়েছেন—সেটা নিয়ে রাজ্যের কৌতুহল তাদের।
১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেন। সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুনের ইয়েরওয়াড়া জেলে কেটেছে অভিনেতার।
সঞ্জয় থাকতেন ১০ ফুট লম্বা, আট ফুট চওড়া একটি সেলে। তিনি কয়েদিদের সাদা পোশাকও পরতেন। তার কারাকক্ষের সামনে একটি এক শ বর্গফুট আকৃতির বাগান ছিল। প্রহরীদের নজরদারি থাকা অবস্থায় সেখানে চলাফেরার অনুমতি ছিল তার।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্দিজীবনে সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির কাজ দেয় জেল কর্তৃপক্ষ। ঠোঙা প্রতি পেতেন ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন মুন্না ভাই খ্যাত এই অভিনেতা। এছাড়া এক টিভি অনুষ্ঠানে সঞ্জয় অকপটে জানান, প্রায় সাড়ে তিন বছরের জেলজীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ টাকা। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি।
তিনি বলেন, ‘পণ করেছিলাম, জেলের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাব। ওই ৫০০ টাকার মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি টাকার সমান!’
কারাজীবন শেষে ২০১৬ সালে আবারও নতুন করে ছবির দুনিয়ায় পা রাখেন সঞ্জয় দত্ত। কাজ করছেন বিভিন্ন ছবিতে। এ বছরও তার ঝুলিতে রয়েছে চারটি ছবি। সবগুলোতেই পার্শ্বচরিত্রে অভিনয় করবেন একসময়ের জনপ্রিয় নায়ক।
আরএসও