Dhaka Mail Logo

শিক্ষা

ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৬ মে ২০২৩, ০৫:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৬ মে) বেলা সাড়ে ১২টায় ঢাবির কার্জন হলের পাশে এই হামলার ঘটনা ঘটে।

কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাবির কার্জন হল এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে কলম ও গোলাপ ফুল বিতরণ করে ঢাবি ছাত্রদল। পরীক্ষার্থীদের বরণ শেষে ফিরে আসার সময় বেলা সাড়ে ১২টায়  দিকে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এই হামলায় ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ তালুকদার সাব্বির, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক ইশরাক এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক জারিফ রহমান আহত হন।

আহতদের মধ্যে মমিনুল ইসলাম জিসান, রাজু আহমেদ এবং আব্দুল্লাহ তালুকদার সাব্বিরের অবস্থা গুরুতর।

পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিককে গ্রেফতার করে।

এই হামলা প্রসঙ্গে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ঢাকা মেইলকে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবারের মতো এবারও ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নিতে যায়। যা প্রতিরোধ করার জন্য পরীক্ষার আগের রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান গ্রহণ করে। আমরা ফুল এবং কলম নিয়ে বরণ করে আসার সময় বেলা পৌনে একটার সময় পেছন থেকে ইনান, সৈকত এবং শয়নের অনুসারী ছাত্রলীগের ২০০-২৫০ জন নেতাকর্মী বাইকে করে এসে অতর্কিতভাবে আমাদের ওপর আক্রমণ করে। এতে ঢাবি ছাত্রদলের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নবাগত শিক্ষার্থীদের কাছ থেকে ফুল ও কলম কেঁড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে ফুল ও কলমের বিরুদ্ধে যে ছাত্রসংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এহেন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।

এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সৈকত বলেন, এগুলো পুরোপুরি বানোয়াট কথা। বাংলাদেশ ছাত্রলীগ পরীক্ষার্থীদের পরিষেবা দিতে ব্যস্ত ছিলো। ছাত্রলীগ কারো ওপর হামলা চালায়নি। বরং তাদের ওপর যে হামলা হয়েছে, আমরা জানতে পেরেছি সেটা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে, যার দোষ তারা ছাত্রলীগের ওপর চাপিয়ে ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে চেষ্টা করছে। আমরা ছাত্রদলকে আহ্বান করছি, তারা যেন এমন কাজ না করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয় এবং পরীক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

প্রতিনিধি/এমএইচটি