নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ পরীক্ষা শুরু হয়।
বেফাক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে বাংলাদেশের ১২ হাজার ৮৬০টি পুরুষ ও মহিলা মাদরাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৯ হাজার ৭১০ জন।
এতে বলা হয়েছে, দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩ হাজার ৫৬০ জন। বেফাক গত কয়েক বছর যাবত বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে অভিনব স্মার্ট পদ্ধতি অবলম্বন করে শতভাগ সুফল পেয়েছে, আলহামদুলিল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু, সুন্দর, অনুসরণীয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবে।
পিএস/এএস