images

শিক্ষা

মেডিকেল ভর্তি আবেদনের সুযোগ হারাচ্ছে ২০১৮’র এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৩ পিএম

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। এবারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না ২০১৮ সালে মাধ্যমিক (এসএসসি) সম্পন্নকারীরা। যদিও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল ২০১৮ সালে এসএসসি সম্পন্নকারীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালের এইচএসসি অথবা এ লেভেল অথবা সমমান এবং ২০২০ সালে এসএসসি অথবা ও' লেভেল অথবা সমমান হতে হবে। এছাড়াও ২০২১ সালে এইচএসসি অথবা 'এ' লেভেল অথবা সমমান ও ২০১৯ সালে এসএসসি অথবা ও' লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর শর্ত হিসেবে জানিয়েছে, এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। একইসাথে এসএসসি অথবা 'ও' লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি অথবা 'এ' লেভেল অথবা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর আরও জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর আবেদন গ্রহণ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে ৬ ও ৭ মার্চ প্রবেশপত্র বিতরণ (অনলাইন থেকে ডাউনলোড) করা হবে। ভর্তি পরীক্ষা হবে ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

আগের বছরের মতোই এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়াও একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবে। সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার-কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

প্রসঙ্গত, এবার দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। 

পিএস/এমএইচএম