Dhaka Mail Logo

শিক্ষা

প্রাণপ্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চান না জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

ক্যাম্পাসের প্রাণপ্রকৃতি ধ্বংস করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রকল্প অফিস ঘেরাও করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে 'অধিকতর উন্নয়ন প্রকল্প' অফিস অবরোধ করেন শিক্ষার্থীরা৷ পরে শিক্ষার্থীরা উপাচার্য অফিসে গিয়ে অবস্থান নেন। 

এসময় শিক্ষার্থীরা ‘প্রাণপ্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চাই না’, ‘অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন কর-করতে হবে’ ‘অংশীজনের মতামত নিয়ে মাস্টারপ্ল্যান প্রণয়ন কর’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। 

এরপর শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিলে উপাচার্য, প্রক্টর, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় শিক্ষার্থীরা মাস্টারপ্ল্যান ছাড়া অধিকতর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি তথা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি তুলে  ধরেন। দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ণ ও অংশীজনদের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার দাবি জানান। সম্প্রতি ছাত্রীদের জন্য নতুন খেলার মাঠ নির্মাণের জন্য টারজান পয়েন্টে গাছ কাটার প্রতিবাদ জানান। দীর্ঘ দেড় ঘণ্টার আলোচনার পর উপাচার্য শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দেন। 

এসময় শেখ হাসিনা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেদের প্রায় সবগুলো আবাসিক হলেই খেলার মাঠ আছে। এর পাশাপাশি সেন্ট্রাল ফিল্ড আছে। কিন্তু ছাত্রীদের জন্য আলাদাভাবে কোনো খেলার মাঠ নেই, তাদের জন্য আলাদা কোনো চেঞ্জিং রুমও নাই। তাই ছাত্রীদের কথা বিবেচনায় আমরা খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি।

প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ছাত্রীদের কথা বিবেচনা করে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছিলাম। এখন যেহেতু শিক্ষার্থীরা দাবি জানিয়েছে আমরা আপাতত এটা বন্ধ রাখছি। শিক্ষার্থীরা না চাইলে আমরা মাঠ করবো না৷ 

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। অধিকতর উন্নয়ন কর্মকাণ্ডের দ্বিতীয় ধাপের কাজ যেভাবে চলছিল, সেভাবেই চলমান থাকবে। তবে ছাত্রীদের খেলার মাঠের ব্যাপারে কথা বলতে আমি প্রক্টর মহোদয়কে দায়িত্ব দিয়েছি। আশাকরি জটিলতা নিরসন হবে। 

প্রতিনিধি/এইচই