Dhaka Mail Logo

শিক্ষা

ঢাবিতে ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের সফটওয়ার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩১ আগস্ট ২০২২, ০৪:২৭ পিএম

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভাবিত 'হস্তলিখিত ব্রেইল থেকে বাংলা লেখা'য় রূপান্তরের একটি প্রোটোটাইপ সফটওয়্যার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে তিনি সফটওয়্যারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষকবৃন্দ, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. আহমেদুল কবীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অতিথিদের সামনে সফ্টওয়্যারটির ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে অধ্যাপক ড. মুহাম্মদ শোয়াইবের নেতৃত্বে এই সফটওয়্যার উদ্ভাবন করেন। এই উদ্ভাবক দলের মধ্যে ছিলেন তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদুল কবীর, ৫ম ব্যাচের শিক্ষার্থী মিনহাজ কামাল, ৮ম ব্যাচের শিক্ষার্থী আতিক আহমেদ, ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আরমান হোসেন ও সাদিকুল হক সাদি।

du2

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সফটওয়্যার উদ্ভাবনের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ও সৃষ্টিশীল কর্মকাণ্ড সবার কাছে পৌঁছাতে পারবে। গবেষণা ও উদ্ভাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এই সফট্ওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, অন্য ভাষায় ‘ব্রেইল থেকে লেখা’য় রূপান্তরের সফটওয়্যার থাকলেও বাংলা লেখায় রূপান্তরের এটিই প্রথম সফটওয়্যার।

প্রতিনিধি/জেবি