২৯ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেফতার করে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। একই সঙ্গে দলটির পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল চলাকালে নেতাকর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। এসব ঘটনায় যারা জড়িত, তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান আন্দোলনকারীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। কিন্তু সেই শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে যারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করছেন ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছেন, তাদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
এদিকে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতা চালানোর কোনো সুযোগ নেই।
প্রতিটি হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। এসব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের এই দাবি ও কর্মসূচি অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিনিধি/এসআই