Dhaka Mail Logo

শিক্ষা

ক্যালেন্ডারে হাসিনার ‘মা’ খালেদা জিয়া, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মা’ বানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যানার ও ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে ছবি প্রকাশ পেয়েছে। এ ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ উল্লেখ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এর মধ্যে জনসংযোগ দফতরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মীনী এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার পরিচয়ে এমন ভুলে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে বিতর্ক উঠেছে চরমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ঘটনায় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে।

কীভাবে এবং কার অবহেলায় এই ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ আমন্ত্রিত অতিথিদের উপহার ব্যাগে ২০২৭ সালের একটি ডেস্ক ক্যালেন্ডার দেওয়া হয়। পরবর্তীতে ক্যালেন্ডারের প্রথম পাতায় থাকা খালেদা জিয়ার ছবির পরিচিতিতে বড় ধরনের ভুল ধরা পড়ে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সেখানে ছবির পাশে তাকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘শেখ হাসিনার মা’ বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ গণমাধ্যমকে জানান, এই ভুলের ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনের নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

উপাচার্যের প্রাথমিক ধারণা, জনসংযোগ দফতরের ফটোগ্রাফার রাশেদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি সম্পাদনা করতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন।

/এসআই