Dhaka Mail Logo

শিক্ষা

নেতাদের সঙ্গে যোগাযোগ, ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে আটকের পর গণপিটুুনি

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মোবাইল ফোনে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগে তাকে আটক করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটকের পর তার ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সংশ্লিষ্ট অন্য নেতাদের শনাক্ত ও আটক করতে অভিযানেও যান তারা।

আটক ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুরে। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী বলেও জানা গেছে।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, মুন্নার মোবাইল ফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন এলাকার ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘যাকে আটক করা হয়েছে, তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল, সে এখানে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ওই তথ্যের ভিত্তিতে তাকে আটক করে পুলিশকে খবর দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার যোগাযোগ রয়েছে। তার মোবাইল ফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন এলাকার ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।’

অন্যদিকে, এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মী আটকের বিষয়ে তারা এখনো অবগত নন। আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। পরবর্তী সময়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিষয়টি জানানো যাবে বলে জানান তিনি।

এম/এসআই