নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
গত পাঁচ দশকে দেশে উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে বেড়েছে। তবে সে অনুযায়ী শিক্ষার গুণগত মানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ অবস্থায় উচ্চশিক্ষার মান বাড়াতে শুধু নীতিমালা তৈরি নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) ইউজিসিতে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বিষয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার সুযোগকে মানসম্মত শিক্ষায় রূপ দিতে সরকার, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ধারিত নীতিমালা যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। এ জন্য কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে এবং সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেয়। তবে নীতি বাস্তবায়নের মূল দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর।
বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়ে নীতিমালা বাস্তবায়ন করছে কি না, তা পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব ইউজিসির। নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক প্রতিষ্ঠানের ওপর থাকায় এ কার্যক্রম পরিচালনা কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করে প্রত্যাশিত ফলাফল অর্জন করা। এ পদ্ধতির মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে কাজের অগ্রগতি পর্যালোচনা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা হয়।
ইউজিসির নিজস্ব দায়িত্ব, কার্যপরিধি ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সরকার ও ইউজিসি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, গবেষণার অনুকূল পরিবেশ তৈরি, শিক্ষাক্রমে ইন্টার্নশিপ অন্তর্ভুক্তি এবং শিল্প ও বাণিজ্যপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসমিন পারভীন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির বিভিন্ন দিক ও এর কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সরকারি দফতরগুলোর কর্মসম্পাদনের মান, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৫-২৬ অর্থবছরে ৫৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি চালু করে। তিন বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সাতটি গুচ্ছে কর্মসম্পাদন মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
এমএইচ/এসআই