নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে (২+২) ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (মিস্ট)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় চারটি প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবেন।
রোববার (২৯ নভেম্বর) মিস্ট ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মিস্টের কমান্ড্যান্ট, ডিকিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে মিস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউএবল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কার্যক্রম চালু হবে। প্রতিটি বিভাগ থেকে ৬০ জন করে শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা প্রথম দুই বছর মিস্টে অধ্যয়ন করবেন। এরপর পরবর্তী দুই বছর কাটাবেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে দুই প্রতিষ্ঠানের সমন্বিত শিক্ষাক্রম অনুসরণ করে দুটি ডিগ্রি অর্জন করতে পারবেন তারা।
বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ডিকিন বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২২৭তম। অন্যদিকে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ২১৮তম।
প্রোগ্রামটি বাস্তবায়নে বেশ কিছু প্রস্তুতিমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে। পাশাপাশি বিশেষায়িত শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় পরীক্ষাগার প্রস্তুতের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতিও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুর দিকে এ প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মিস্ট ও ডিকিন বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে উন্নত প্রযুক্তিগত জ্ঞান অর্জন, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া এবং বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণা বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারিত হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরিতে এ ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মিস্ট।
এম/এএম