নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটে ৬ হাজার ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪০ জনের বেশি। তবে ইউনিটভেদে প্রতিযোগিতার চিত্রে রয়েছে বড় পার্থক্য। আইবিএতে প্রতি আসনের বিপরীতে আবেদন সবচেয়ে বেশি, আর ব্যবসায় শিক্ষা ইউনিটে সবচেয়ে কম।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টায় ভর্তি আবেদনের সময় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৫৭৮ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৮৮ জন শিক্ষার্থী।
বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৮৮৯ জন। এ ইউনিটে আসনপ্রতি প্রতিযোগী ৫২ দশমিক ৮২ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৯৫৬ জন। এখানে প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ দশমিক ৮১ জন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১ হাজার। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৪ দশমিক ৪২টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮০১ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ২৯ দশমিক ৩৩টি।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে প্রায় ২৪ হাজার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন ছিল ৩ লাখ ২৯ হাজার। দুই বছরের ব্যবধানে আবেদন কমেছে ৮০ হাজার ৭৭৬টি।
ভর্তি-সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে আসার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা কমার সম্পর্ক রয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩টি।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা হবে শুধু ঢাকায়।
সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর একই সময়ে।
চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবশেষে ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
এমএইচ/এআরএম