নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদ জানিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী।
প্রয়োজনে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফলের মাধ্যমে ‘রিপিট ক্যাডার’সংক্রান্ত জটিলতা সমাধানের প্রস্তাব দিয়েছেন তারা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধিরা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছিল। সে অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলেও ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে গেছে। অথচ এখনো ফল প্রকাশ করা হয়নি। এমনকি বিলম্বের কারণ জানিয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি।
তারা বলেন, কমিশনের নিজস্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ফল প্রকাশের কথা থাকলেও কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে পিএসসির জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফল আটকে রাখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরেরও সমালোচনা করেন পরীক্ষার্থীরা।
তাদের ভাষ্য, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের পরও ‘রিপিট ক্যাডার’সংক্রান্ত জটিলতা পুরোপুরি সমাধান নাও হতে পারে। কারণ পরবর্তী সময়ে ৪৭তম বিসিএসের কিছু প্রার্থীও ৫০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। এ ধরনের জটিলতা এড়াতে সম্পূরক গেজেট বা ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া সম্ভব।
এক্ষেত্রে ৪৪তম বিসিএসের সম্পূরক গেজেট প্রকাশের উদাহরণ তুলে ধরেন তারা। পরীক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পরও পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করে এ জটিলতার সমাধান করতে পারে।
পরীক্ষার্থীরা জানান, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি। এর মাত্র ৫৮ দিন পর ৯ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং ৩০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়। ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তারা আরও জানান, অতীতের কয়েকটি বিসিএসের ফল প্রকাশের সময় পর্যালোচনায় দেখা যায়, ৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ছয় দিন পর, ৪৫তম বিসিএসে ১০ দিন, ৪৬তম বিসিএসে ১৩ দিন, ৪৭তম বিসিএসে ১০ দিন এবং ৪৮তম বিসিএসে সাত দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। সে হিসাবে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা করেছিলেন তারা।
কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান বক্তারা। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের কারণে পিএসসির প্রতি পরীক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলেও দাবি করেন তারা। এ অবস্থায় ফল প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ জানিয়ে পরীক্ষার্থীদের আশ্বস্ত করার আহ্বান জানান কমিশনের প্রতি।
সংবাদ সম্মেলনে প্রশাসনে জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন পরীক্ষার্থীরা। তারা বলেন, ৫০তম বিসিএসে ২ হাজার ১৫৫টি ক্যাডার পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ফল প্রকাশে বিলম্বের কারণে এসব পদে নিয়োগপ্রক্রিয়াও পিছিয়ে যাচ্ছে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার পাশাপাশি সরকারি নাগরিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে পরীক্ষার্থীরা বলেন, অন্য কোনো বিসিএসের জটিলতাকে কারণ দেখিয়ে ৫০তম বিসিএসের ফল আটকে রাখা সমীচীন নয়। প্রয়োজনে সম্পূরক ফল প্রকাশের ব্যবস্থা করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পরীক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে ফল প্রকাশ না হলে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এম/এএইচ