নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এনটিআরসিএ’র বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যা সমাধানে সরকার কাজ করছে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেও চেষ্টা চলছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। কিন্তু আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না। এনটিআরসিএর বদলি, নিয়োগের সমস্যার সমাধান আমরাই করব। আমরা সেগুলো সমাধানের জন্যই কাজ করে যাচ্ছি। এই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আমরা প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জানি, এবার এসএসসি পাসের হার কমেছে। এ জন্য কি আমরা দায়ী নই? শিক্ষা মন্ত্রণালয় দায়ী নয়? শিক্ষাব্যবস্থা দায়ী নয়? দায়ী আমরা সবাই। বিগত দিনের সরকার আপনাদের যেভাবে বাধাগ্রস্ত করেছে, এখন আপনারা স্বাধীনভাবে শিক্ষাব্যবস্থা পরিচালনা করতে পারছেন। আজকের এই দিনে আপনাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, আগামী দিনে আমরা এই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাব।’
শিক্ষার্থীদের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে দীর্ঘদিন পড়াশোনার বাইরে রাখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই না, রেফার্ড বা এক-দুই বিষয়ে ফেল করার কারণে শিক্ষার্থীরা বছরের পর বছর বসে থাকুক এবং মাদকাসক্তি বা মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়ুক। আমরা এটা চাই না। তাই এবার রেফার্ড শিক্ষার্থীদেরও পরীক্ষা নেওয়া হয়েছে। যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল, তাদের ফলও ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে তাদের ভর্তির ব্যবস্থাও হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ে সেশনজট তৈরি না করার বিষয়েও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই না, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হোক। এবার যে শিক্ষার্থীরা ভর্তি হবে, তাদের সংখ্যা তুলনামূলক কম হলেও বিশ্ববিদ্যালয়গুলো যেন সুন্দরভাবে পড়াশোনা করাতে পারে, সেটাই আমরা চাই।’
শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।
তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।’
বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ সময় শিক্ষার উন্নয়নে শুধু বক্তব্য না দিয়ে বাস্তবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই কথার ফুলঝুরি ছড়াই। কিন্তু বাস্তবে কী করছি, সেই বিষয়টিও আমাদের বুঝতে হবে।’
এভিয়েশন খাতে দক্ষ জনবলের চাহিদার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’
আগামী দিনের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এমএইচ/এএইচ