Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

রঙিন ডানা আর শিশুদের উচ্ছ্বাসে মাতোয়ারা জাবির প্রজাপতি মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

প্রজাপতির বর্ণিল ডানায় রঙিন হয়ে উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারণায় দিনভর মুখর ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হলো ১৬তম প্রজাপতি মেলা।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ করতে হবে। প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কাটা হতে দেবেন না। পাশাপাশি ক্যাম্পাসে এমন পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে আটকে না রেখে ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

02

সরেজমিনে দেখা যায়, মেলার অন্যতম আকর্ষণ প্রজাপতি দেখার উন্মুক্ত স্থানটি ঘিরে দর্শনার্থীদের ভিড় জমে। নানা রঙের প্রজাপতির উড়াউড়ি উপভোগ করেন দর্শনার্থীরা। শিশুদের জন্য ছিল পাপেট শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, প্রজাপতির মুখোশ ও ঘুড়িসহ নানা আয়োজন। এসব আয়োজন ঘিরে শিশুদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।

প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিদ্রোহ সরকার বলেন, প্রতি বছরই প্রজাপতি মেলায় শিশুদের জন্য পাপেট শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, প্রজাপতির মুখোশ ও ঘুড়িসহ নানা আয়োজন থাকে, যা শিশুদের আকৃষ্ট করে। তবে গত বছরের তুলনায় এবার প্রজাপতির সংখ্যা কিছুটা কম দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ে গাছপালা কাটা, নতুন ভবন নির্মাণ ও পরিবেশগত পরিবর্তন এর অন্যতম কারণ হতে পারে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা না গেলে ভবিষ্যতে প্রজাপতির প্রজাতি ও সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাঁচ বছর বয়সী আনায়া মেলা দেখতে সাভার থেকে আসে। সে বলে, ‘আমি সাভার থেকে প্রজাপতি দেখতে এসেছি। আমাদের বাসায় খুব কম প্রজাপতি দেখি। তাই এখানে প্রজাপতি দেখতে এসেছি। বায়োস্কোপও প্রথম দেখলাম। আমার খুব ভালো লেগেছে।’

03

মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতেই এ মেলার আয়োজন করা হয়। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মেলার মাধ্যমে মানুষকে প্রজাপতি সংরক্ষণে সচেতন করার পাশাপাশি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করতে চান তারা।

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন নাবিলা জামান জ্যোতি। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় মাসুক আহাম্মেদ এবং তৃতীয় ইকবাল এইচ বাবু।

এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রডকাস্ট ক্যাটাগরিতে আকিব সুলতান অর্ণব (এনটিভি), প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন) ও বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক) এবং ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে মো. আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউ এইজ) মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ