Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ইবির সমাবর্তনের ফি নিয়ে অসন্তোষ, কমানোর দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নির্ধারিত ফি ‘চড়া’ আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন ও সনদ ফি বাবদ বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে গ্র্যাজুয়েটদের। এতে অনেক সদ্য স্নাতক ও সাবেক শিক্ষার্থীর জন্য সমাবর্তনে অংশগ্রহণ কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত ফি পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে সনদ ফি হিসেবে ৫০০ ও ৭০০ টাকা যুক্ত হয়েছে। সব মিলিয়ে একজন গ্র্যাজুয়েটকে মোট ৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থীদের দাবি, দেশের অন্যান্য কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফির তুলনায় ইবির নির্ধারিত ফি বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে নিবন্ধন ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করে ৩ হাজার ৫০০ টাকা করেছে।

এ ছাড়া এমফিল ডিগ্রিধারীদের নিবন্ধন ও সনদ ফি মিলিয়ে ৬ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একাধিক ডিগ্রির ক্ষেত্রে প্রতিটি ডিগ্রির জন্য পৃথক সনদ ফি যুক্ত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ শিক্ষাবর্ষের যেসব বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তাঁরাও এবার অংশগ্রহণের সুযোগ পাবেন। একইভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যেসব বিভাগের মাস্টার্স পরীক্ষার ফল বিলম্বে প্রকাশিত হওয়ায় শিক্ষার্থীরা চতুর্থ সমাবর্তনে অংশ নিতে পারেননি, তাঁরাও নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া সমাবর্তনে অংশগ্রহণ ছাড়াই যেসব গ্র্যাজুয়েট মূল সনদ গ্রহণ করেছেন, তাঁরাও নিবন্ধন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের নতুন করে মূল সনদ দেওয়া হবে না।

সমাবর্তনে একাধিক ডিগ্রিধারীরা যোগ্যতা অনুযায়ী একাধিক মূল সনদ গ্রহণ করতে পারবেন। নিবন্ধনকারী প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ তিনজন অতিথি সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং সন্তানকে রাখা যাবে। পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অতিথিদের জন্য পৃথক গেস্ট পাস ও কিউআর কোড দেওয়া হবে। তবে তাঁরা মূল সমাবর্তনস্থলে প্রবেশ করতে পারবেন না।

নিবন্ধনকারী গ্র্যাজুয়েটদের গাউন ও উপহারসামগ্রী দেওয়া হবে। নিবন্ধনের সময় গাউনের সাইজ উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, ডিগ্রির বিবরণ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য অনলাইনে জমা দিতে হবে।

সমাবর্তন ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাবেক শিক্ষার্থী ইসমাইল মোল্লা বলেন, “একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষে কাঙ্ক্ষিত দিন হচ্ছে সমাবর্তন। যেদিন প্রিয় বিদ্যাপীঠ থেকে আনুষ্ঠানিকভাবে মূল সনদ গ্রহণ করবে, অগ্রজ-অনুজদের সঙ্গে দেখা হবে এবং শিক্ষকদের দোয়া ও আশীর্বাদ নেবে। ফিরে আসার দিনটি যদি অর্থের বেড়াজালে আটকে যায়, সামর্থ্যের বাইরে হওয়ায় কেউ যদি সমাবর্তনে নিবন্ধনই করতে না পারে, তাহলে তা খুবই বেদনাদায়ক।”

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তির চার যুগ 

তিনি আরও বলেন, “সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি দিয়ে কীভাবে নিবন্ধন করবে? এ কারণে আমার পরিচিত অনেক বন্ধু-বান্ধব, সিনিয়র ও জুনিয়র আবেদনই করতে পারেনি। যে সমাবর্তনে টাকার জন্য প্রিয় মানুষগুলো আসতে পারবে না, সেখানে গিয়ে আমি কী করব? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে ফি পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছি।”

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মশিউর রহমান বলেন, “দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের পর শিক্ষার্থীরা সমাবর্তনের জন্য অপেক্ষা করে। দুঃখজনক বিষয় হলো, সমাবর্তনের জন্য নির্ধারিত ফি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা দুটি ব্যাচের অনেক শিক্ষার্থীর কাছেই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের আগেই বড় অঙ্কের ফি বহন করা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে সমাবর্তন কি শুধু সামর্থ্যবানদের জন্য?”

তিনি আরও বলেন, “সমাবর্তন ফি পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে নির্ধারণ, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা এবং সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা দুটি ব্যাচের বাস্তব আর্থিক পরিস্থিতি বিবেচনার দাবি জানাচ্ছি।”

একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানুল বান্না অলি বলেন, “সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রম ও অধ্যবসায়ের চূড়ান্ত স্বীকৃতি। কিন্তু আসন্ন পঞ্চম সমাবর্তনে নির্ধারিত অতিরিক্ত ফি বেকার ও সদ্য স্নাতক শিক্ষার্থীদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে। ফলে অনেকেই অর্থের অভাবে জীবনের এই বিশেষ মুহূর্তে অংশগ্রহণ থেকে বঞ্চিত হতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায়ের জায়গা নয়। তাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ফি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীবান্ধব ও যৌক্তিক ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি কমিয়ে সবার অংশগ্রহণের সুযোগ করে দিন। যেন কোনো শিক্ষার্থীকে নিজের অর্জনের দিনটি কেবল আর্থিক অসামর্থ্যের কারণে দূর থেকে দেখতে না হয়।”

প্রতিনিধি/এসএস