নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকার শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ পদে আত্মীকরণের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সেসিপ, এসইএসডিপি ও এফএসএসএপি-২ প্রকল্পের আওতায় স্থাপিত মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষায় পিছিয়ে থাকা দুর্গম ও অনগ্রসর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার সুযোগ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেসিপ, এসইএসডিপি ও এফএসএসএপি-২ প্রকল্পের আওতায় ধাপে ধাপে ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এসব বিদ্যালয় বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে।
সংগঠনটির নেতারা বলেন, এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আগে দুর্গম এসব এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেই পড়াশোনা ছেড়ে দিত। বিশেষ করে মেয়েদের বাল্যবিয়ের শিকার হতে হতো। অনেক শিশু জীবিকার প্রয়োজনে শিশুশ্রমেও যুক্ত হতো। বিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পর প্রত্যন্ত এলাকার শিশুরা মাধ্যমিক শিক্ষার সুযোগ পাচ্ছে। কেউ কেউ উচ্চশিক্ষার পথেও এগোচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শুরুতে বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় প্রকল্পের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত ছিল। পরে প্রতিষ্ঠানগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে নেওয়ার কথা থাকলেও জাতীয়করণ না করে এমপিওভুক্ত করা হয়। ফলে এখনও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে বিদ্যালয়গুলো।
সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকার নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শিক্ষক-কর্মচারীরা বলেন, প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এসব বিদ্যালয়ের উদ্দেশ্য ও প্রেক্ষাপট অন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে আলাদা। তাই সাধারণ শর্তের বাইরে গিয়ে বিশেষ বিবেচনায় বিদ্যালয়গুলো জাতীয়করণের উদ্যোগ নিতে হবে।
তারা বলেন, এসব বিদ্যালয় জাতীয়করণ করা হলে দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ আরও নিশ্চিত হবে। পাশাপাশি গ্রাম ও শহরের শিক্ষাবৈষম্য কমাতেও তা ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতি বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ পদে আত্মীকরণের মাধ্যমে তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নেত্রকোণার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফাসহ মো. মিজানুর রহমান মানিক, মিলন কান্ত সরকার, মাহফুজার রহমান, মাহমুদুর রহমান বেলায়েত, মো. খায়রুল ইসলাম ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এমএইচ/এআরএম