জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতি গ্রুপের কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান। এসময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হন। পরে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।
তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কী কারণে ঘটেছে তদন্ত করার পর বলা যাবে।
প্রতিনিধি/এলএ