নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
ঢাকা মহানগরীর ৪৯টি সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। তিনটি গ্রুপে ভাগ করে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর এসব স্কুলের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এ-সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি আগামী এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করতে পারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
রোববার (২২ নভেম্বর) মাউশির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ‘এ’ গ্রুপের স্কুলগুলোর ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘বি’ গ্রুপের স্কুলগুলোর পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে।
আর ‘সি’ গ্রুপের স্কুলগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা মহানগরীর বাইরের সরকারি স্কুলগুলোতে ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী, স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে।
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এক ঘণ্টার পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
এমএইচ/এএইচ