বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও রাজনৈতিক পুনর্বাসনে জনমত তৈরির অভিযোগে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলামকে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয়। পাশাপাশি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানো হয়।
সংগঠনটির অভিযোগ, এসব শিক্ষকের টেলিভিশন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত এবং অধ্যাপক স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
এ ছাড়া আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিতে কয়েকজন শিক্ষকের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ তদন্ত এবং গত ১০ নভেম্বর ডেইরি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সারাদেশে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ এবং তার বাবা-মাকে হত্যার চেষ্টার অভিযোগও করেন তিনি।
মাজহারুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ব্যানার লাগানোর ঘটনায় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জুলাইয়ের হামলার বিচার ও পুনঃতদন্তেও অগ্রগতি নেই। বিভিন্ন টিভি টকশোতে অধ্যাপক স্নিগ্ধা ফ্যাসিস্ট শক্তিকে প্রাসঙ্গিক করার প্রয়াস চালাচ্ছেন; যা জুলাইয়ের চেতনার পরিপন্থি। এই ঘটনার শাস্তি হিসেবে তাকে প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণ করে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে; যাতে ভবিষ্যতে কেউ পতিত স্বৈরাচারের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখতে না পারে।
প্রতিনিধি/এলএ