Dhaka Mail Logo

শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সরঞ্জাম বিতরণ শুরু ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে উত্তরপত্র ও পরীক্ষার অন্যান্য সরঞ্জাম বিতরণের তারিখ নির্ধারণ করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর জেলাভিত্তিক সূচি অনুযায়ী এসব সরঞ্জাম বিতরণ করা হবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষকে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের বরাদ্দ অনুযায়ী মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে এসব সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

সূচি অনুযায়ী, ২৪ নভেম্বর শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলোর সরঞ্জাম বিতরণ করা হবে। ২৫ নভেম্বর মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর জেলার কেন্দ্রগুলো সরঞ্জাম সংগ্রহ করবে। আর ২৬ নভেম্বর ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার কেন্দ্রগুলোর জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল সোমবার বিকেলে
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি কবে জানুন

সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার অনুমোদিত একজন শিক্ষককে পাঠাতে হবে। ওই শিক্ষককে কেন্দ্র কমিটির সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া যাবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষেত্রে সরঞ্জাম সংগ্রহের আবেদনপত্রে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ দায়িত্ব পালন করতে হবে। অনুমোদিত শিক্ষকের ক্ষেত্রেও প্রাধিকারপত্রে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর প্রয়োজন হবে।

ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় সরঞ্জাম পরিবহনে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরঞ্জাম গাড়িতে তোলার জন্য বোর্ড কোনো ব্যয় বহন করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এমএইচ/এফএ