নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে।
এদিন বিকেল ৩টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
রোববার (২২ নভেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানানো হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।
প্রকাশিত ফলে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হন। ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পান।
এমএইচ/এএইচ