Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

জাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনলাইনে যুক্ত হয়ে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা একটি দলগত কাজ। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়ে সব কার্যক্রম দৃঢ়তার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান তিনি। এ কাজে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন উপাচার্য।

ca531d23-1d12-45c9-b763-14644432dde4

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://bachelor.ju-admission.com/।

প্রতিনিধি/এসএস