Dhaka Mail Logo

শিক্ষা

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১৩০টির বেশি সমঝোতা ড্যাফোডিলের

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১৩০টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এসব সমঝোতার আওতায় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর সমাপনী অধিবেশনে এ তথ্য জানানো হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আইএইউপি যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। ১৯ নভেম্বর শুরু হওয়া সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সম্মেলনে ২৪টির বেশি দেশের প্রায় ১০০টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’।

সম্মেলনে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, উপসাগরীয় অঞ্চল, এশিয়া ও আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আয়োজকদের আশা, এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট ড. মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষণার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়াকে আইএইউপি উৎসাহিত করে। ড্যাফোডিলে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সেই লক্ষ্য এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, এসব অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং অন্যান্য একাডেমিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি শিক্ষাদান, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলো একে অন্যের কাছ থেকে শিখতে পারবে।

image

বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের আইএইউপির সঙ্গে যুক্ত হওয়ার এবং সংগঠনটির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান ড. সবুর খান। তাঁর মতে, আইএইউপির আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ, অংশীদারত্ব ও ভালো চর্চা বিনিময়ে আরও ভূমিকা রাখবে। এর সুফল পাবেন শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শেষ দিনে ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন, দেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ এবং ‘ওপেন সায়েন্স, এআই অ্যান্ড দ্য ফিউচার অব একাডেমিক রিসার্চ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। অধিবেশনে আইএইউপির পরবর্তী সভা ২০২৭ সালের মার্চে মিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। একই বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংগঠনটির পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

এমএইচ/এআর