জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও নতুন কিছু করার সম্ভাবনাকে আবিষ্কার, বিকাশ ও উদ্যাপনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’-এর চূড়ান্ত আসর। শনিবার (২১ নভেম্বর) ঢাকার সাভারের ব্র্যাক সিডিএমে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
ব্র্যাক নেক্সটজেন হলো ব্র্যাক সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের একটি বিশেষ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শ্রেণিকক্ষের বাইরেও নিজেদের আগ্রহ, দক্ষতা ও সম্ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সৃজনশীল সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে প্রতিভাবান শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য ধারাবাহিক মেন্টরিং, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে এ উদ্যোগের।
এবারের আয়োজনে দুটি ক্লাস্টারের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ আগ্রহ, অভিজ্ঞতা, সৃজনশীলতা ও দক্ষতার বৈচিত্র্য নিয়ে চারটি বিভাগে অংশগ্রহণ করে। নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবন—এই চারটি বিভাগে নিজেদের প্রতিভা ও ভাবনা প্রকাশের সুযোগ পায় তারা। কেউ নৃত্য ও সংগীতের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরে, কেউ চিত্রকলায় প্রকাশ করে নিজের অভিজ্ঞতা ও কল্পনার জগৎ, আবার কেউ বিদ্যালয়, পরিবার ও সমাজের বাস্তব সমস্যা নিয়ে চিন্তা করে উপস্থাপন করে উদ্ভাবনী সমাধান।
বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই প্রক্রিয়া শেষে চিত্রকর্ম, পরিবেশনার ভিডিও এবং উদ্ভাবনী ধারণার মূল্যায়নের মাধ্যমে ৫৮ জন প্রতিভাবান শিক্ষার্থীকে পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা তিন দিনব্যাপী ‘ব্র্যাক নেক্সটজেন মেন্টরিং বুটক্যাম্পে’ অংশ নেয়। সেখানে বিশেষজ্ঞদের নিবিড় দিকনির্দেশনা, হাতে-কলমে অনুশীলন ও গঠনমূলক মতামতের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা আরও শাণিত করে এবং চূড়ান্ত আয়োজনে নিজেদের উপস্থাপনার জন্য প্রস্তুতি নেয়।
‘ব্র্যাক নেক্সটজেন’-এর চারটি বিভাগ হলো—নৃত্যের জন্য ‘মুভ’ (MOVE), সংগীতের জন্য ‘ভয়েস’ (VOICE), চিত্রশিল্পের জন্য ‘ক্যানভাস’ (CANVAS) এবং সামাজিক উদ্ভাবনের জন্য ‘সলভ’ (SOLVE)। চূড়ান্ত আয়োজনে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রকর্মের প্রদর্শনী এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
‘সলভ’ বিভাগে শিক্ষার্থীরা বিদ্যালয়, পরিবার ও সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করে সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করে। ‘ক্যানভাস’ বিভাগে চিত্রকর্মের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভাবনা প্রকাশ করে শিক্ষার্থীরা।
অন্যদিকে, ‘মুভ’ ও ‘ভয়েস’ বিভাগে নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে প্রতিভা তুলে ধরে তারা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ধ্রুপদি ও নজরুল নৃত্য এবং ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে সংগীতনাট্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। এ ছাড়া উপস্থিত ছিলেন আড়ংয়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর হোসেন, ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর, ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা।
ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, আমরা আশা করি, শিক্ষার্থীরা নিজেদের স্কুলে ফিরে এই অভিজ্ঞতা ও শেখাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেবে। আগামী বছর ব্র্যাক নেক্সটজেনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, যাতে আমাদের ১২টি বিদ্যালয়ের আরও বেশি শিক্ষার্থী এই উদ্যোগে অংশগ্রহণের সুযোগ পায় এবং ভবিষ্যতে দেশের আরও বেশি শিক্ষার্থীর কাছে এই প্ল্যাটফর্মকে পৌঁছে দেওয়া যায়।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজার বলেন, আমরা চেয়েছি, আমাদের শিক্ষার্থীদের প্রতিভাকে আরও ভালোভাবে চিহ্নিত করতে, স্বীকৃতি দিতে, বিকশিত করতে এবং প্রয়োজনীয় মেন্টরিংয়ের মাধ্যমে তাদের এগিয়ে নিতে। একই সঙ্গে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে তারা একে অপরের সঙ্গে পরিচিত হবে, নিজেদের প্রতিভা ও সৃজনশীল কাজ তুলে ধরবে এবং একসঙ্গে শেখার সুযোগ পাবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আজকের চিত্রকর্ম, উদ্ভাবনী ধারণা ও পরিবেশনাগুলোতে তোমাদের ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা স্পষ্ট হয়েছে। তোমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমাদের কাজ হলো সেই দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া।
বিইউ/এসআই