মাহফুজুর রহমান
২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
দীর্ঘ চার দশক পর ঢাকা কলেজের চেনা প্রাঙ্গণে পা রেখেছেন ইন্টারমিডিয়েট ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী জালালউদ্দিন আহমেদ। বয়সের ভারে জীবনের অনেক পথ পেরিয়ে এলেও কলেজের পুকুরপাড়, উত্তর ও দক্ষিণ ছাত্রাবাস, গ্যালারি আর পুরনো ক্যান্টিনের স্মৃতি তাকে ফিরিয়ে নিয়ে গেল কৈশোরের দিনগুলোতে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, পরিচিত জায়গাগুলো আবার ঘুরে দেখা- সব মিলিয়ে যেন এক দুপুরের জন্য ফিরে পাওয়া হারানো তারুণ্য।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে স্মৃতির ঝাঁপি খুলে বসেন জালালউদ্দিন আহমেদ। কলেজের পরিচিত পরিবেশে দাঁড়িয়ে একের পর এক মনে করতে থাকেন ফেলে আসা দিনের কথা।
স্মৃতিচারণ করতে গিয়ে জালালউদ্দিন বলেন, ‘অনেক দিন পর এখানে এসে খুব ভালো লাগছে। ১৯৮৫ সালের পর এত বছর পেরিয়ে গেছে। আজ আবার সেই পুকুরপাড়, নর্থ হোস্টেল, সাউথ হোস্টেল, আমাদের গ্যালারি ও ক্যান্টিনের জায়গাগুলো দেখছি। এসব জায়গা দেখে বাল্যকালের স্মৃতিগুলো মনে পড়ছে। সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘এখন আমাদের বয়স হয়েছে। কিন্তু এখানে এসে মনে হচ্ছে পুরনো দিনগুলো আবার ফিরে পেয়েছি। সবার সঙ্গে দেখা হলো, অনেক পুরনো বন্ধন আবার নতুন করে জোড়া লাগল। বন্ধুরাও এসেছেন। সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগছে।’
ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান জালালউদ্দিন। পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন সেখানে থাকার পর বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। জীবনের নানা অধ্যায় পেরিয়ে বহু বছর পর পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসা তার কাছে তাই কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া নয়, বরং নিজের অতীতের সঙ্গে আবার দেখা হওয়ার মতো।
একসময় যে পুকুরপাড়ে কিংবা ছাত্রাবাসের আশপাশে কেটেছে জীবনের গুরুত্বপূর্ণ সময়, আজ সেখানে দাঁড়িয়ে সময়ের পরিবর্তন অনুভব করছেন তিনি। বদলে গেছে অনেক কিছু, বদলেছে ক্যাম্পাসের পরিবেশও। কিন্তু কিছু জায়গা আর স্মৃতি যেন সময়ের সঙ্গে পুরনো হয় না।
জালালউদ্দিনের কাছে ঢাকা কলেজ তাই শুধু শিক্ষাজীবনের একটি অধ্যায় নয়; এটি তার কৈশোর, বন্ধুত্ব আর জীবনের ফেলে আসা দিনগুলোর এক জীবন্ত ঠিকানা। চার দশকের ব্যবধান পেরিয়ে সেই ঠিকানায় ফিরে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়াই যেন প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় প্রাপ্তি।
এম/এসআই