Dhaka Mail Logo

শিক্ষা

৩৭ বছর পর তারুণ্যের ক্যাম্পাসে ফেরা, স্মৃতিতে আজও অমলিন ঢাকা কলেজ

মাহফুজুর রহমান

২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

ক্যাম্পাসের পরিচিত পথ, পুরনো ভবন আর মসজিদ সবকিছুই যেন একসঙ্গে ফিরিয়ে আনছিল ফেলে আসা তারুণ্যের দিনগুলো। সময়ের হিসাবে প্রায় ৩৭ বছর। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু, বদলেছে জীবনের ব্যস্ততা, পেশা আর ঠিকানা। কিন্তু ঢাকা কলেজের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো যেন আজও একই রকম জীবন্ত। দীর্ঘ বিরতির পর প্রিয় ক্যাম্পাসে ফিরে তাই স্মৃতির পাতায় ডুব দিলেন সাবেক শিক্ষার্থী এনামুল হক এনাম।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করছিলেন তিনি। ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ১৯৮৯ ব্যাচের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকাতেই ব্যবসা করছেন।

কথা বলতে গিয়ে বারবার ফিরে যাচ্ছিলেন আশির দশকের শেষ দিকে। ১৯৮৭ সালে মাধ্যমিক শেষ করে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ১৯৮৯ সালে ইন্টারমিডিয়েটের গণ্ডি পেরিয়ে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। সেই সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করতে গিয়ে তার কণ্ঠে ছিল একধরনের মুগ্ধতা।

এনামুল হক এনাম বলেন, তখনকার সময়টা ছিল জীবনের অন্যতম সুন্দর সময়। তবে কলেজজীবনে খুব বেশি সময় ক্যাম্পাসে কাটানোর সুযোগ হয়নি তার। ক্লাস শেষ করেই চলে যেতেন। হলে থাকা শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসের আড্ডা, ঘোরাঘুরি কিংবা নানা আয়োজনে নিয়মিত অংশ নেওয়া হয়নি। ফলে অনেক স্মৃতি তৈরি করার সুযোগও সেভাবে পাননি।

তবু কিছু মুহূর্ত আজও তার মনে গেঁথে আছে। বিশেষ করে কলেজে এসে প্রথমবার মসজিদে নামাজ পড়ার স্মৃতি। সেই সময়ের কথা মনে করে তিনি জানান, ক্যাম্পাসের অনেক জায়গাই তখন ঘুরে দেখা হয়নি। যারা হলে থাকতেন, তাদের কলেজ জীবনের অভিজ্ঞতা ছিল আরও বিস্তৃত। তাদের আড্ডা, আনন্দ আর স্মৃতির গল্পগুলোও ছিল আলাদা।

কলেজ জীবনের সেই দুই বছরকে জীবনের বিশেষ একটি সময় হিসেবে দেখেন তিনি। তার ভাষায়, তারুণ্যের সেই বয়সে পড়াশোনা, বন্ধুত্ব আর ক্যাম্পাসের পরিবেশ- সব মিলিয়ে সময়টা ছিল অন্য রকম। আজ এত বছর পর ফিরে এসে সেই দিনগুলোর কথা মনে পড়লে ভালো লাগার পাশাপাশি কিছুটা আক্ষেপও কাজ করে।

তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তার কাছে শুধু একটি আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া নয়; বরং পুরনো সময়ের সঙ্গে আবারও দেখা হওয়ার উপলক্ষ। দীর্ঘদিন পর কলেজে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ক্যাম্পাসের স্মৃতি ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি নতুন করে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া সময়ের কিছু অনুভূতিও।

জীবনের নানা ব্যস্ততায় যে ক্যাম্পাস থেকে একদিন বিদায় নিয়েছিলেন, কয়েক দশক পর সেখানে ফিরে বুঝতে পারলেন সময় অনেক দূর এগিয়ে গেলেও কিছু জায়গা মানুষের স্মৃতিতে ঠিক আগের মতোই থেকে যায়। ঢাকা কলেজ তার কাছে তেমনই এক জায়গা, যেখানে ফিরে গেলে বয়সের হিসাব কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়।

এম/এসআই