Dhaka Mail Logo

শিক্ষা

মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম

দাখিল ষষ্ঠ শ্রেণির যেসব শিক্ষার্থী এখনো অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বাদ পড়া শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। বিলম্ব ফিসহ নির্ধারিত ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য সিস্টেমে নতুন এন্ট্রি অপশন চালু করা হবে। শিক্ষার্থীদের তথ্য বা ই-এসআইএফ এন্ট্রির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার সংশ্লিষ্টদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

রেজিস্ট্রেশন ফি জমা কিংবা শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে অফিস চলাকালীন প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এম/এআরএম