নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। যারা এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে দেশের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদের জন্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের কাছে জিটুপি (G2P) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
যাদের নতুন হিসাব খুলতে হবে
নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার HSP-MIS-এ অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, কেবল তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।
শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে।
বাবা অথবা মায়ের নামে আগে থেকে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং হিসাব থাকলে সেটি ব্যবহার করেই উপবৃত্তির আবেদন করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এ ক্ষেত্রে যার নামে হিসাব থাকবে, তাকেই আবেদনে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের পরিচয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পাওয়ার নিয়ম
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
মোবাইল ব্যাংকিং হিসাব খোলার সময় অভিভাবকের এনআইডি দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং একই ব্যক্তির এনআইডি ব্যবহার করে তাঁর নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ বাবার এনআইডি দিয়ে সিম নিবন্ধন করা হলে মোবাইল ব্যাংকিং হিসাবও বাবার নামেই খুলতে হবে। হিসাব খোলার সময় কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। এ নিয়মের ব্যত্যয় হলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
যেসব শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত বিকল্প অভিভাবকদের কেউই জীবিত নেই, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অন্য একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য HSP-MIS সফটওয়্যারে অন্তর্ভুক্তির সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা কেবল নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
১৮ বছর পূর্ণ হলে হিসাব হালনাগাদ করতে হবে
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নিজ নামে খুলতে হবে। তবে কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ অবস্থায় শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংকে হিসাবটি হালনাগাদ করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন
সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে দেওয়া ইআইআইএন (EIIN) নম্বর রয়েছে, সেগুলো এ কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।
এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।
এ ছাড়া HSP-MIS সফটওয়্যারে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘Forgot Password’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে বলা হয়েছে।
এম/এআরএম