Dhaka Mail Logo

শিক্ষা

জবিতে ছয় স্থানে চার্জিং পয়েন্ট  ও পথনির্দেশনা বোর্ড স্থাপন জকসুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি কমাতে ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং পয়েন্ট স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

পাশাপাশি, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পথনির্দেশনা বোর্ড। শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহিম খলিলের উদ্যোগে স্থাপন করা হচ্ছে চার্জিং পয়েন্টগুলো। স্থানগুলো হলো কেন্দ্রীয় লাইব্রেরি, সাজিদ ভবনের নিচতলা, রফিক ভবন, ক্যাফেটেরিয়া, বিজ্ঞান ভবন ও কলা ভবন।

এসব চার্জিং পয়েন্ট চালু হলে ক্লাস, পরীক্ষা কিংবা পড়াশোনার প্রয়োজনে দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা সহজেই মোবাইল ফোনসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে পারবেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার বিড়ম্বনা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থান সহজে খুঁজে পেতে জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে স্থাপন করা হয়েছে পথনির্দেশনা বোর্ড। এসব বোর্ডের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে  ক্যাম্পাসে আসা দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় ভবন ও স্থান খুঁজে নিতে পারবেন।

চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তারেক আজিজ বলেন, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়। 

কিন্তু ক্যাম্পাসে চার্জ দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় মসজিদে গিয়ে অবস্থান করতে হয়। এমনকি মসজিদে গিয়েও ফোন চার্জ দিতে হয়, যা বিষয়টি দৃষ্টিকটু এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিব্রতকর। এ অবস্থায় ক্যাম্পাসে চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগটি অত্যন্ত ভালো। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন। এ জন্য জকসুকে ধন্যবাদ।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, অনেক সময় আমরা ক্যাম্পাসে আসার পর জরুরি প্রয়োজনে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়। কিন্তু তখন চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা বা সুবিধা পাওয়া যায় না। 

এ ধরনের শিক্ষার্থীদের জন্য চার্জিং পয়েন্টগুলো খুবই উপকারী হবে। অন্যদিকে, আমাদের ক্যাম্পাসের আয়তন তুলনামূলক ছোট হলেও অনেক সময় বিভিন্ন ভবন বা প্রয়োজনীয় স্থানের অবস্থান বুঝতে সমস্যা হয়। বিশেষ করে নতুন শিক্ষার্থী ও ক্যাম্পাসে আগত ব্যক্তিদের জন্য পথনির্দেশনা বোর্ডগুলো বেশ সহায়ক হবে।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন ও ভোগান্তির কথা বিবেচনা করেই আমাদের এ উদ্যোগ। অনেক সময় জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়, কিন্তু ক্যাম্পাসে পর্যাপ্ত চার্জিংয়ের ব্যবস্থা না থাকায় তারা বিড়ম্বনায় পড়েন। 

এমনকি ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ফোন চার্জ দেওয়াটাও দৃষ্টিকটু দেখায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং পয়েন্ট স্থাপন করা হচ্ছে। 

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ছোট ছোট সমস্যার সমাধানই ক্যাম্পাসে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়া হবে। তাঁদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে জকসু পাশে থাকবে।

জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আয়তনে ছোট হলেও এখানে অনেক দর্শনার্থী আসেন। 

তারা ক্যাম্পাস ঘুরে দেখতে চাইলে যেন বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন, সে লক্ষ্যেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পথনির্দেশনা বোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী ও ক্যাম্পাসসংশ্লিষ্ট কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করতে জকসু দৃঢ়প্রতিজ্ঞ।

এআরএম