বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
পালিয়ে যাওয়া কোনো গণহত্যাকারী ও ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।’
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে সাধারণ শিক্ষকদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপাচার্য আরও বলেন, দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

বাকৃবির এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা সারাদেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা এবং ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিনিধি/এএইচ