Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

নোয়াখালীর সেনবাগে এক পিস ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে।

জানা যায়, হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইচের টেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রথমে এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন। পরে বিষয়টি সেনবাগ থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। ইউএনওর কাছে তিনি জানান, গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন।

ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির দুই সন্তানের জনক।

সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটকের পর হুমায়ুন কবিরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

প্রতিনিধি/এসএস