Dhaka Mail Logo

শিক্ষা

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহয় চার শতাধিক সাবেক শিক্ষার্থীর পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে শনিবার (১৪ নভেম্বর) আনন্দঘন পরিবেশে চতুর্থ ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে গত নয় বছরে প্রতিষ্ঠানটি থেকে শিক্ষা সমাপনকারী বিভিন্ন ব্যাচের চার শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান, জামিয়া মাদানিয়া বারিধারার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসউদ আহমাদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ড. ইসরাত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নান মিয়াজি, জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাঈদ আহমাদ, মাদানি স্কলার্স ফোরামের সভাপতি ড. মাসুম বিল্লাহ ফিরোজী, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল আলিম ও শিক্ষাসচিব মাওলানা ফরিদুদ্দীন মাদানী এবং বিশিষ্ট আরবি লিপিকার মাওলানা মুহিব্বুল্লাহ গালিব আল হানাফী।

আরও পড়ুন

মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

মারকাযের বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও মূল্যবান বই উপহার দেওয়া হয়। তাদের মধ্যে শিশুদের দীনি শিক্ষা, ফরজে আইন শিক্ষা এবং পবিত্র কোরআনের খেদমতে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ মদিনা একাডেমির তিন শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ, দাওয়াতি উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সাবেক শিক্ষার্থীরা নিজেদের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের করণীয় নিয়েও আলোচনা হয়।

Markaj1

আলোচকরা বলেন, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে আরবি ভাষা শিক্ষা, ইসলামি গবেষণা ও দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েখ মহিউদ্দীন ফারুকী। তিনি সাবেক শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আত্মোন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মারকাযের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাও দেওয়া হয়। এ প্রসঙ্গে শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, মারকায থেকে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের জন্য কয়েকটি সেবামূলক উদ্যোগ চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা, জরুরি রক্তদান কর্মসূচি, উচ্চশিক্ষায় পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা, মারকাযের আয়োজিত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে বিশেষ ছাড় এবং শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন।

আরও পড়ুন

দেশজুড়ে মারকাযুল লুগার তত্ত্বাবধানে আরবি ভাষা প্রশিক্ষণ

দিনব্যাপী আয়োজনে কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, মধ্যাহ্নভোজ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

জেবি